একটুখানি এসো, বসো পাশে,
আদরমাখা সুরে বলো কিছু কথা!
তুমি এলে
প্রতীক্ষার রক্তাক্ত প্রহর পার হয়ে আসবে
ভালোবাসার স্নিগ্ধ সময়! আসো না তুমি,
জানা হয় না কিছুই, জানানোও হয় না!
সব আছে তো ঠিকঠাক! নাকি হয়ে
দিওয়ানা মজনু ঘুরছো প্রেমহীন
মরুপ্রান্তরে একা।
তুমি কি জানো
তোমার না থাকা সময়ে তোমার পায়ের
শব্দ শুনি,শুনি তোমার কথা। কলিংবেলের
আওয়াজ খুব জোরেই বাজে! চমকে উঠি
বারবার! আমার যে কী হবে জানেন ঈশ্বর!
এসো একটুখানি, একটা কথা বলি চুপিচুপি
টুনীপাখিটা খুব ঝগড়া করে আজকাল, আর
রাগ করে হাঁড়ি করে রাখে মুখ!
এসেছ! তাহলে ভালোবেসে বলো কিছু কথা!
তুমি এলেই বলেই না
চারদিক আলোকিত হয়ে কেটে গেল সকল আঁধার;
ধূসর গেধূলী কেটে গিয়ে কনে দেখা আলোতে
দেখলাম তোমাকে!
এলে তুমি, ভালো লাগল সব!
#afrozaaditi.com , # আফরোজা অদিতি
