আসেনি সে // আফরোজা অদিতি

আজ কাঁদে বিশ্ব, কাঁদে বাংলা। কেঁদে কেঁদে বলছে
ওরা, দাও একমুঠো ভাত, একখণ্ড বস্ত্র দাও, দাও
দাও বেঁচে থাকার আশ্বাস।

সে আসেনি। তাঁর অনেক কাজ। মহাসড়কের কোলে,
তটিনীর বুকে আবর্জনা স্তুপ! সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুষিত
বায়ু-জল, কোষে কোষে জীবাণু, সঙ্গিন জীবন। বিবর্ণ-
বিদীর্ণ সংসার। চলে গেছে বন্যা, এসেছে নতুন মহামারী,
এসেছে সমরাস্ত্র, সেজেছে রণাঙ্গন।

আসেনি সে। স্বাধীনতার কাজ সম্পাদনের
লক্ষ্যে আসতে পারছে না সে। স্বাধীনতা মৃতপ্রায়!
স্বাধীনতার নামে অনেকে আজ সমাজপতি, ধনপতি
বিবস্ত্র স্বাধীনতা আজ ভূখা মানুষের ভীড়ে। আলোহীন
পথ, পুষ্পহীন উদ্যান, অসজ্জিত নাট্যমঞ্চ।

তারুণ্যে উচ্ছ্বল যুদ্ধক্লান্ত মানুষের ভীড়ে দাঁড়িয়ে
তাঁরই জন্য আমি স্বাধীনতা পুষ্পভূষণ হাতে।

#afrozaaditi.com , #আফরোজা অদিতি

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615