শরৎ আকাশে জোছনার মাঝে শুয়ে থাকতে ইচ্ছা তার।
ভাসতে ইচ্ছা জোছনায়। সে রূপকন্যা। তার দীর্ঘ চুলে
খেলা করে বাদল। হরিণ চোখের মায়ায় ভুলে যায়
প্রকৃতি। অরণ্য দেয় হাতছানি। কাছে টানে নদী
গাছ-গাছালি পত্রপল্লব।
ওর বুকে থাকে মধ্যসাগরের কোলাহল। ওই সাগরে
ছলকে ওঠে শরৎশশী। বাতিঘরের সার্চলাইট
ছড়ায় আলো। তীব্র সে আলো। রূপকন্যা নিদ্রাহীন।
দুচোখে স্বপ্ন নেই আজ।
হারিয়েছে সব। দাবানল খেয়ে গেছে চাঁদ। আকাশ
থেকে আকাশ ছড়িয়ে আছে সিঁদুর রঙের ছায়া।
জেনে গেছে রূপকন্যা সব পাখি ঘরে ফেরে না। বাঁধে
না বাসা। আলো দেয় না জোনাকি সব রাতে। সব
লেবুফুলে বসে না ফড়িং।
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
