লোনা জলের ঢেউ (কবিতাগল্প) // আফরোজা অদিতি

ওই যে দূরে আকাশের নীলে ঝুলে আছে নিষ্প্রভ চাঁদ।
মেঘেরা চারপাশে যখন রঙিন প্রজাপতি তখন চাঁদের
মনে কষ্ট তড়পায়। ও কেন মেঘ হয়নি, হয়নি প্রজাপতি।
বুকে তার খলিসা মাছের মতো খলবলানো কষ্ট
দোল খায়।

যখন বসন্ত। ফুল ফোটে গাছে গাছে। ভোমর বসে ফুলে।
ওড়ে মৌমাছি, প্রজাপতি। পলাশফুলে মধু খায় নীলটুনি।
তখনও কীসের একটা দুঃখে আঁকুপাঁকু করে দূর আকাশে
ঝুলে থাকা চাঁদের শুভ্রমন।

চাঁদ খুশি হয় তখন যখন ধরার সঙ্গে চলে মাখামাখি।
তার হৃদয়ে বাজে সরগম। নানান ধারার সরগম।
পূর্ণিমাতে গান মানায় ভালো। পূর্ণিমা যে ক্ষণকালের।
প্রকৃতি জড়িয়ে জোছনায় কাঁদে চাঁদ।

মেঘ এসে যখন ঢেকে দেয় ওকে,রাহু-কেতু যখন খেয়ে
ফেলে তাকে, ও হারায় চন্দ্র্রিমা। বেদনায় কাপাসের মতো
ওড়ে ওর মন। কষ্টের নীলজল ভাসায় এপিঠ ওপিঠ।

বর্ষা আসে। জল ঝরে টুপুর টুপ। ফুল-বৃক্ষের সঙ্গে ভাব
জমাতে হৃদয়ের ভেতর হাঁচোড়-পাঁচোড় করে কিন্তু ভাব
জমানো হয় না। ওর যে নিজের বলতে কিছু নেই। সব
ধার করা। ছোটবড় সবটাই।

ধারের জীবন নিয়ে তো কখনও এগুনো যায় না পথ।
শুধু ভেসে যাওয়া যায় লোনাজলের ঢেউয়ে।

#afrozaaditi.com , #আফরোজা অদিতি

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615