বাঁশিওয়ালা,
এই অসময়ে তুমি এলে!
কদম গাছে পত্রপুষ্প নেই, নেই পাখি,
বর্ষার মেঘ ওড়ে না আকাশে!
লকডাউন; গণপরিবহন বন্ধ; তবুও ছুটেছে
মানুষ মাস্কবিহীন! ফেরিতে ফেরিতে যানজট,
বাল্কহেড আর স্পীড বোটে সংঘর্ষ;
পায়ের তলায় পিষ্ট মানুষ!
চারপাশে মারণগন্ধ তবুও
শপিংমলে ক্রেতার ভীড়! বিশ্বের মানুষ
অসহায়! এই অসময়ে তুমি এলে!
বাঁশিওয়ালা, এখন করুণ সময়। শুধু
কান্নার জলে ভিজছে বসন, ভিজছে
পায়ের তলার মাটি!
চারপাশে শুধু বিষণ্ন অদিতির জলে
ভরা নয়ন; কাঁদছে প্রকৃতি! নিষ্প্রভ ব্যোম!
মাঝেমধ্যে ঝলকে উঠছে ব্যথার বিদ্যুৎ!
নভেল করোনা আর মারণাস্ত্রের ছায়া
চারদিকে! ভূষণ্ডি কাক ঠুকরে যাচ্ছে
অবিরত প্রসন্ন দুপুর, ঘোর লাগা
বিবর্ণ বিকেল সঙ্গে উড়ছে চাঁদ
সপ্তর্ষির ব্যাপ্ত আঁধারে!
কাঁদছে প্রকৃতি, কাঁদছে অন্তরীক্ষ, কাঁদছে
সাগর আর বহতা নদী, পুষ্পকানন।
বিরহী পাখি নিশ্চুপ আনন্দহীন।
বাঁশিওয়ালা এই অসময়ে তুমি এলে!
কবি: আফরোজা অদিতি
