ইরার ওষ্ঠে// আফরোজা অদিতি
প্রখর সন্তাপে ইরার ওষ্ঠে খেলা করছে
মোহন মারকমায়া। ঘরবন্দী এই ক্ষুদ্র
জীবনের আয়নাতে ছায়া ফেলেছে
অণুজীবকণার দঙ্গল!
শতাব্দি পেরিয়ে এখানে থাবা বসিয়েছে
নভেল করোনা; অস্তাচলের লালিমাভায়
রাঙা বাতাসে আজ মারণগন্ধ কবিতা!
ভীতসন্তস্ত্র মানুষ ছুটছে দিগ্বিদিক;
বেকারত্বের অরণ্যে লিকলিকে আশা
খুঁজে ফেরে পথ!
এখানে কবিতা দিশেহারা!
আসমান থেকে ঝরছে আগুন; পুড়ছে
ফিলিস্তিন, বিবর্ণ গাজা। সাঁজোয়া যানের
বেপরোয়া আগ্রাসনে মৃত প্রকৃতি দুহাতে
আগলে রেখেছে তাঁর সৃষ্টি!
এখানে কবিতা ক্ষুধার্ত শিশুর অশ্রুর বন্যায়
ভেসে যাওয়া বাবার বিমর্ষ হাসি আর ভেঙে
যাওয়া কাঁচের চুড়ির মতো মায়ের অহঙ্কার!
এখানে কবিতার অপর নাম দুঃখ!
এখানে কবিতা এসিডদগ্ধ প্রেয়সি, অগ্নিদগ্ধ
বধুপ্রতিমা, অসহায় বাবার কাঁধে মৃত সন্তান!
পরিত্যক্ত মানমন্দিরে ফেলে যাওয়া ধরার
ধুলোতে ঢাকা নিরব প্রতিমা আজ কবিতা!
কবির বিরহে বিরহিণী কবিতা
এখানে মানব প্রেমে হয়ে উঠেছে প্রতিবাদী ।
