টুনীসোনার ঘরের পাশে একটি লিচুর গাছ
গাছের তলায় বসে মা কাটছে ইলিশ মাছ
বাবু নামে টুনীসোনার ছোট্ট একটি ভাই
বলছে মাকে, দাও মা ইলিশ ভাজা খাই
মায়ের কাছে পিড়ি পেতে পড়ছে টুনী বই
ইলিশ ভাজা করবে মা তেলের শিশি কই
শিশি আনে টুনীসোনা দৌড়ে গিয়ে ঘরে
কড়াই চুলায় দিয়ে মা ইলিশ ভাজা করে
ইলিশ ভাজা খেয়ে বাবু ধানের মাঠে যাবে
মাঠে কাজ করছে বাবা দুপুরে ভাত খাবে
ঘরের কাজ করে তারা পড়ার ফাঁকে ফাঁকে
বিকাল বেলা খেলতে যায় ছোট্ট নদীর বাঁকে
সাঁঝের বেলা ঘরে ফিরে পড়তে তারা বসে
বাংলা, ইংলিশ পড়া শেষে অঙ্কগুলোও কষে
তারা লেখাপড়া ঘরের কাজ করে মনের সুখে
মায়ের কথা শোনে বলেই থাকে মায়ের বুকে
#আফরোজা অদিতি #afrozaaditi #afrozaaditi.com
