টুনী ও শালিক পাখি // আফরোজা অদিতি

শালিক পাখির বাসা আছে টুনীর বরই গাছে
বাসায় নরম তুলার মাঝে তিনটি ছানা আছে

তিনটি ছানার নরম পালক তুলার মতন গা
ওদের সাথে মনের সুখে খেলছে ওদের মা

নরম পালক নরম ডানা থাকে মায়ের বুকে
ভাবে তারা উড়বে কবে উড়বে মনের সুখে

খেলতে খেলা টুনী এলো বরই গাছের তলে
ঝুমুর ঝুমুর বাজনা ওঠে টুনীর পায়ের মলে

টুনীর মলের বাজনা শুনে শালিক পাখি ওড়ে
শালিক পাখির ডানায় লেগে বরই পাতা ঝরে

চমকে ওঠে একটি ছানা নিচে গেলো পড়ে
ছানার খোঁজে শালিক মা গাছের পাতায় চড়ে

খেলতে খেলতে দেখলো টুনী নরম নরম গা
মাটির উপর পাতার ফাঁকে একটি শালিক ছা

টুনীসোনা সেই ছানাকে রাখে গাছের ’পরে
শালিক-মা নেয় যে তাকে দুটি ঠোঁটে ধরে

বাবা-পাখি খাবার মুখে বাসায় এলো উড়ে
তিনটি ছানার মুখে বাবা খাবার দিলো পুরে

খাওয়া শেষে মা-পাখিটা ছানাকে আদর করে
শালিক বাবা শালিক মায়ের মন খুশিতে ভরে

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615