বুকের মাঝে ঠাঁয় দাঁড়িয়ে যে বাড়িটি
সেটি বলতে পারো কার জন্য?
বাড়িটির দরোজা-জানালা হাটখোলা
কার জন্য?
বছর জুড়ে রোদ-বাতাসে
নীল পর্দার ওড়াউড়ি, খেলাখেলি
বলতে পারো কার জন্য?
কার জন্য কৃষ্ণচূড়া, কার জন্য পলাশ
কার জন্য দোপাটি, নয়নতারা, জবা
বলতে পারো?
বুকের ভেতর যে বাড়িটি
তুমি ইচ্ছে করলে তোমার মতো
সাজিয়ে গুছিয়ে করতে পারো বাগান,
বসতে পারো সাজিয়ে পসরা!
দ্রব্যমূল্যের এই আগুনহাটে
ঠিকঠাক ঠাঁয় দাঁড় করিয়ে রেখেছি বাড়িটি
বুঝতে পেরেছো কার জন্য!
যদি ইচ্ছে করো
বাড়িটির চারপাশে খনন করে পরিখা
ভরে দিতে পারো অথৈই জলে
ইচ্ছে করলে বানিয়ে
চোরকুঠুরি বা ঘুলঘুলি তোমার চড়ুইটিকে
দিতে পারো বাসযোগ্য ভূমি লিজ!
আবার ইচ্ছে করলে
ছিকা সাজিয়ে রাখতে পারো রঙিন হাঁড়িকুড়ি!
কৃষ্ণ হতে আপত্তি নেই তো আর!
তোমার জন্য তোমারই রাধা
লক্ষহাজার আলোকবর্ষ করছে ইন্তেজার !
