কখনও // আফরোজা অদিতি

সকালটাকে বেজায় রুগ্ন মনে হয় প্রায়ই
কারণ একটাই
টেবিলে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাজের ছক্কা
তার রূপটানে কখনও
কোনদিকে ফেরাতে দেয় না নয়ন যুগলে
খিড়কির বাইরে আকাশ, মেঘ-পাখির ওড়াউড়ি
স্বচ্ছ-সুন্দর প্রকৃতির হাসি, পিচঢালা বিশ্বরোড,
রিকশা গাড়ির জড়াজড়ি, মানুষের চলাচল
দেখতে না দিয়ে আমাকে
পর্দাঘেরা ঘরটিতে বিদ্যুৎ-বাতির ঝলকে
মনটিকে পাথর বানিয়ে যে যার মতো
হাতড়ে নিয়ে সময়
সকালটাকে করে দেয় বেজায় রুগ্ন!

রুগ্ন সকালগুলো সময়ের খাঁজেখাঁজে
আমার জন্য, শুধু আমার জন্য
রেখে যায় রোগাটে দুপুর আর ফ্যাকাশে
অপরাহ্ন

রুগ্ন সকাল-দুপুর-বিকেল নিয়ে
সময়ের ক্যানভাসে কাজের অবয়ব
আঁকতে আঁকতে করি খুনসুটি কারণ চাই না
কখনও আমার সন্ধ্যাটি মুখ বেজার করে থাকুক!

#afrozaaditi.com, #আফরোজা অদিতি

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615