যখন দশ
প্রথম দেখা তার সঙ্গে; হাতে আমার
অন্যের বাগানের ফুল, পায়ের নিচে
ভিজে মাটি!
কুয়াশামাখা উত্তাল প্রেম গেয়েছি
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি”…।
কেটে গেছে অনেকগুলো বছর
হাতে এখন ক্রীত ফুল, পায়ের নিচে কঠিন পথ
মিডিয়ায় মিডিয়ায় ছবি; এখনও যাই তার কাছে
গেয়ে যাই
“আমার ভাইয়ের …… ভুলিতে পারি।” …।
তার কাছে যাই
পুষ্পাঞ্জলি দেই, প্রেম উত্তাল মনে গান বাজে
কিন্তু সেই দশের মতো উন্মাদনা বাজে না!
বিশ্ব পরিচিতি পেয়ে
সে এখন সীমাবদ্ধতার জলাভূমি
প্লাবনে ভাসাতে পারে না আর বুকের জমিন!
একুশে আমার প্রিয় একুশে
তোমার জন্য বেদনার নীলজল প্লাবিত করে
আজও বয়সি এই আমাকে!
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
