আসুন, আসুন না ভাই
পায়ে পায়ে এগিয়ে নিই সকালটাকে
গাজর খাবেন! খান না!
স্বাস্থ্যটাকে সুস্থ রাখুন
উচ্ছল হবে দিনটা।
কই এলেন না !
আসুন, আসুন !
কী দেখছেন মনোযোগে ?
সাদা মতো কি দেখা যায় ড্রেনটাতে !
থাক না, থাক ওটা !
চোখ দেবেন না ! দাঁড়াবেন না একটুও !
ওটা এই সমাজের ঘুণ !
ওই মিছিল !
আরে ছোঃ !
এতো আছেই হর-হামেশা
এ-ছাড়াও আছে হরতাল, আছে অনশন,
খুনোখুনি, মারামারি, পরীক্ষা বন্ধ।
এতো কিছুর পরে
মরার ওপর খাঁড়ার ঘা
রাস্তা খোঁড়াখুঁড়ি-
বিদ্যুৎ প্রোজেক্ট গেল তো
ওয়াটার প্রোজেক্ট এলো, এলো
টেলিফোন প্রোজেক্ট।
কোথায় যাবেন, কোনদিকে
তড়িঘড়ি ছুটেও অফিস লেট!
হাঁ ক’রে দেখছেন কি ?
যানজট ? নতুন না-কি বাংলাদেশে।
টর্ণেডো, সাইক্লোন, জলোচ্ছ্বাসে
বন্যা আর খরায়
লবনজলে ফসল নেই, কাতর মানুষ।
তারপরেও
ট্রেন দুর্ঘটনা, বাসে বাসে সংঘর্ষ
লঞ্চ ডুবিও আছে, আরও আছে লাঠালাঠি
এসিড নিক্ষেপ, বোমাবাজি
হাইজাক, ছিনতাই, ডাকাতি
নারী-শিশু পাচার, শ্লীলতাহানি-
থাক, আর নাই বা শুনলেন।
বাংলাদেশের মানুষ
মনটাকে শক্ত করুন
আসুন, বদল করি সমাজটাকে,
দেশটাকেও।
আসুন, আসুন
গাজর খাই, এগিয়ে যাই।
এগিয়ে গেছে যে অনেকটা বেলা।
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
