মায়ের কাছে যাবো। কবে থেকে শুধু
বলছি, যাবো মায়ের কাছে যাবো
মা আমার সময়ের পাটি বুনছে
অপেক্ষার সুই-সুতোয়
যেতেই হবে আমাকে, না গেলে
মেঘের ওপারে সারস, তার চোখের নিম-জল
চারু ঠোঁটে ছিটিয়ে
খেয়ে যাবে ভালোবাসার সুক্ষ্ণাতিসুক্ষ শস্যদানা
কাছে নেই মা, সকল সবুজ, সকল কুসুম জলহীন
লতানো মাধবীতে ফুল নেই, কদম ফুলের পাপড়ি
গেছে ঝরে, চারদিক ছায়াছন্ন, কুয়াশা মোড়া
মায়ের জন্য মন কেমন করে
মায়ের জন্য পরাণে জল ঝরে
মা নেই কুহুককুয়াশা ঘিরেছে আমাকে
আমি আসছি মা, তোমার জন্য মা, আমি
কু-ঝিক-ঝিক রেলের কামরায় ভরাট খুশিতে
একটু একটু এগিয়ে যাচ্ছি তোমার দিকে
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
