হৃদয় রাধা// আফরোজা অদিতি

হৃদয় রাধা, প্রতীক্ষায় সে তোমার সুরধ্বনির
মেঘলা রাতের ভেলায় বেহুলার মতো ঘুরছে সে
ধলেশ্বরীর বুকে, পায়ের নূপুর বাজিয়ে একা

বেহুলার ছিল লক্ষিন্দর, আমার আছো তুমি
আমার হৃদয় নয় তো একা সঙ্গে আছে তোমার
হৃদয় প্রাণের ছায়া; সেই ছায়ার সঙ্গে তো
ঘর করছি এতোটা বছর।

অনেক দিয়েছো তুমি, দিয়েছো ভরে জীবনের
দুটি হাত তোমার প্রাঞ্জল ভালোবাসায়! এই
ভালোবাসার স্বরূপ নিতে নিতে, পেয়ে পেয়ে
চাওয়ার এবং পাওয়ার অভ্যেসটা বেড়ে গেছে
আমার! তাইতো আরও চাই, আরও চাই ভাবটা
এখন ভিখেরির পর্যায়ে…
জানি ভালোবাসার ক্ষমতা অপরিসীম, অসীম
দেওয়ার ক্ষমতা! ভালোবাসা হলো দ্রৌপদীর শাড়ি,
শেষ হয় না কখনও।

ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা; আমার তরুণ
ময়ূরী ভালোবাসা, এসো বর্ষার নবজলে ভেজাও,
এসো দুজনে বর্ষার নতুন বৃষ্টিতে ভিজি, ভিজতে
ভিজতে এসো দুজনে ফুটে উঠি শ্রাবণের প্রথম
কদম হয়ে! তুমিই তো প্রথম কদম!

এসো, এসো আমার জলদ মেঘের মতো ভালোবাসা,
ময়ূরের ঝলমল বৃষ্টি মুখর ভালোবাসা ফিরে এসো,
ফিরে এসো হৃদয়ে আমার।

#afrozaaditi.com , #আফরোজা অদিতি

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615