তোমার জন্য অপেক্ষা হাতে নিয়ে পলাশ
বসন্ত এসেছে কুসুম গন্ধে সঙ্গে ফুলরাশ
তুমি এলে দেরিতে!
দেরি! দেরি হয়েছে এইটুকু! দোষ
আমার নয়; চারদিকে যানজট বরাভয়
এ পথ সে পথ কোন পথে যাবার নয়!
প্রিয় মুখচন্দ্র দেখবো ভেবেই বেরিয়েছি
বেলা দুপুরে আর এলাম সূর্য উপুড় করে!
অতোশত জানি না, জানি না কিছু!
শুধু জানি সেই এলে কাছে; যখন
ভেঙে গেছে সব কাঁচের মতো ; কাঁচভাঙা
নীড়ে এলে তুমি! কথাস্তবক বেঁধেছিলাম
আনন্দফিতায় তা ভিজিয়ে চোখের জলে
তুমি এলে! এলে সব শূন্য করে!
কেন অভিমান? অভিমানের মেঘ সরিয়ে
রাঙা সূর্যের হাসি আনো, আনো রঙিন
সুষমাদিন; এসো কাছে; হেসে উঠুক সুন্দর;
মুগ্ধ মায়াময় হোক নীলের পটভূমি!
কথার পর কথার মালা গাঁথতে
ভালো জানো, তা জানি! আরো জানি
এই অধমের জন্য নেই অপেক্ষা, নেই প্রেম
নেই ভালোবাসা! জানি, সব জানি!
সব জেনেও বেকুবের মতো চেয়ে থাকি
পথের দিকে!
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
