যদি বাঁশি না বাজে
ঘরে ফেরা হবে না আমার!
আত্মার অমরপাখি পাবে না জীবন!
বাঁশি না বাজলে
আঁধারে ঢাকবে এই আলোকোজ্জ্বল
পৃথিবী! চোখের জাফরিতে উঠবে না
আলোর ঝলক!
যদি বাঁশি না বাজে
শুকিয়ে ধূসর হবে বৃক্ষপুষ্পপত্রলি
থাকবে বসন্তেও তপ্ত বৈশাখের তাণ্ডব!
কালো মেঘে ছেয়ে থাকবে আকাশ
কাইতানি বৃষ্টিতে ডুবে যাবে শহর-নগর
গ্রাম-বন্দর! সুনামিতে ধ্বংস হবে ঘরবাড়ি
জীবন; স্থিতিশীল থাকবে না চলমান সময়!
না বাজলে বাঁশি
থাকবে না কবিতা লুপ্ত হবে সকল শব্দ-
প্রবন্ধ-নিবন্ধের ভাষা; দৈনন্দিন কাজের
ভীড়ে হারাবে জীবনের বৈচিত্র ক্ষয়ে যাবে
সব সুন্দর; সুন্দর ঘিরে রাজত্ব করবে
অশ্লীলতা-অসুন্দর !
বাঁশি যদি না বাজে
কবিতা উৎসব হবে না কখনও! আমসিমুখে
ঘোরাফেরা করবে নবীন-প্রবীণ কত্থক-কবি!
