পরীক্ষা শেষ। ভিসিডি-তে ঠাকুর মায়ের ঝুলি দেখছে তিনা। ক্লাস ফোরে ফাইনাল দিয়েছে তিনা। ওর বড়ো ভাই এস.এস.সি. দেবে এবার। ভালো ছাত্র। দিন রাত বই নিয়েই থাকে। বই, বই, বই। চারপাশে শুধু বই। বড়ো ভাই, তিনাকে বলে, ‘বই পড়ো। বই, মানুষের সবচেয়ে ভালো বন্ধু। বই জ্ঞানের সমুদ্র।’
ভাইয়ার মতো বই পড়তে ভালো লাগে না তিনার। ওর মনে হয়, পড়ার সঙ্গে খেলা, টিভি দেখা, গল্প করা, বেড়ানো সবই করতে হয়। এ কথা অবশ্য ওর মাথায় আসার কথা নয় এখনই। ওদের ক্লাস টিচার, নয়নতারা ম্যাডাম বলেছেন। তিনা, নয়নতারা ম্যাডামের খুব ভক্ত। ম্যাডাম মজার মজার গল্প বলেন। গল্প শুনতে খুব ভালো লাগে তিনার।এখন পরীক্ষাও শেষ, লেখা-পড়াও নেই। তিনা গল্প শুনতে ভালোবাসে বলেই ঠাকুর মা’র ঝুলি ‘সিডি’ এনে দিয়েছে মা।
মা, মাঝেমধ্যেই গল্প শোনায়। কিন্তু সবসময় গল্প বলতে পারে না। চাকরি করে। অফিস সামলিয়ে, রান্না-বান্না, ঘর গোছানো সব কাজ করে ক্লান্ত হয়ে যায় তিনার মা। যদিও মাকে গল্প বলার কথা বললেই গল্প বলবে। কিন্তু ক্লান্ত মাকে বিরক্ত করতে ভালো লাগে না তিনার। মাকে খুব ভালোবাসে তিনা।
আজ মায়ের জন্মদিন। তিনা সিডি দেখতে দেখতে ড্রইংরুমেই ঘুমিয়ে পড়েছে। মা, রান্নাঘরের কাজ শেষ করে তিনাকে ডেকে বিছনায় শুইয়ে দেয়। পাশে শুয়ে পড়ে নিজেও। তিনার বাবা বাসায় নেই। এক সপ্তাহের জন্য কলকাতা গেছে ট্রেনিং-এ। তিনার খুব খুশি লাগছে। আজ মায়ের পাশে শুয়েছে। দুজনেই ঘুমিয়ে। হঠাৎ গভীর রাতে তিনার ধাক্কাধাক্কিতে ঘুম ভেঙে যায় মায়ের। ডাকছে তিনা।
‘রাণীমা, রাণীমা উঠুন, উঠুন। এই দেখুন, সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে আপনার জন্য এনেছি সাতটি লাল গোলাপ।’ মায়ের ঘুম ভাঙা অবাক চোখ। তাকিয়ে দেখে হাঁটু গেড়ে বসে হাত বাড়িয়ে তিনা। ওর বাড়িয়ে দেওয়া হাতে একগুচ্ছ লাল গোলাপ। ভয় পেয়ে যায় মা। বুকে টেনে নেয় ওকে। এ গোলাপ এলো কোথা থেকে? কিছুতেই ভেবে পায় না মা।
‘ লাল গোলাপ কোথায় পেলে তিনু।’ আদর মাখা কন্ঠে জিজ্ঞাসা করে মা। মায়ের আদর খুব ভালো লাগে তিনার। ভালো লাগে মায়ের ভয় পাওয়া মুখ। মায়ের ভয় দেখে হেসে ফেলে তিনা। বলে, কী ভীতু তুমি, মা। এই ফুল বিকেলেই ভাইয়া এনে দিয়েছে। আজ তোমার জন্মদিন না।’ বড়ো ভাইয়াও এসে দাঁড়িয়েছে। তিনা আর ভাইয়া দুজনেই একসঙ্গে বলে, ‘ হ্যাপি বার্থ ডে মা, হ্যাপি বার্থ ডে টু ইউ ডিয়ার মাম্মি।’
দুই ছেলে,মেয়েকে বুকে টেনে নেয় মা। আদর করে। ওরা খুব করে মায়ের আদর নিয়ে আহ্লাদ করে।
#afrozaaditi.com, #আফরোজা অদিতি
