ভালোবেসেছ বলেই না
বদলে গেছে তোমার চারপাশ; কিছুই নেই আর
আগের মতন। যখন ভালোবাসনি আমাকে তখন
ঘূর্ণিঝড়-টর্নেডো আক্রান্ত দূর্গত ছিল হৎবনভূমি;
প্লাবন জলে ভাসা খঁ খাঁ শূন্যতায় ছিল আঁধার!
ভালোবেসেছ আমাকে বলেই না সেই বনভূমিতে
জন্মেছে সুন্দরীবৃক্ষ, চন্দন, অর্জুন; নানাবিধ সবুজ
পত্রপত্রালিতে পূর্ণ হয়েছে তোমার নিঃসঙ্গ ভূমি!
তোমার হৃৎভূমিধ্বস থেমেছে আমার প্রেম পেয়েছ
বলেই না! তুমি গাইতে পারো না, পারো না লিখতে
তবুও পছন্দ করো গান, পছন্দ করো গল্প-কবিতা
পছন্দ উপন্যাস! তোমার ভালো লাগে রঙিন
বসন্ত; ভালো লাগে পুষ্পশোভিত কানন!
সহস্রকোটি বছরের প্রেম নিয়ে এসেছি কাছে বলেই
ভালো লাগে তোমার এই স্বাধীন বাংলাদেশ,
ভালো লাগে জোনাক জ্বলা রাত, জোছনামাখা কাশফুল,
ভালো লাগে পলাশ-কৃষ্ণচূড়া-ক্যামেলিয়া-ম্যাগনোলিয়া
ককেশিয়া, গোলাপ,কামিনী, বেলী, জুই, নয়নতারাসহ
আরও আরও ফুল আর সবুজাভ পত্রালি!
তোমার ডোরবেলে আঙুল রেখেছি বলেই না হেসে
উঠেছে তোমার খাঁ খাঁ শূন্যপুরী; তুমি ডালিমকুমার;
জেগে উঠেছ ভালোবাসার জিয়নকাঠির ছোঁয়ায়!
আমাকে শুনেছ বলেই না ভালো লাগে নানাবিধ
নকশাযুক্ত পোড়ামাটির ফলক, ভালো লাগে নিশাকর!
ভালো আছি বলেই না ভালো আছে তোমার মনমন্দির!
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
