অনেকদিন দেখিনি তোমায় মা। কিছু কিছু সময় মা,
খুব কাছে পেতে ইচ্ছে করে তোমাকে; এই জীবন-মন
পেতে চায় তোমাকে বুকের মাঝে হৃৎপদ্মে। মা, তুমিই
আমার আনন্দ আকাশ, মলয় বাতাস, বয়ে যাওয়া
ছলছল সুপেয় জলের ধারা।
মা, তুমিই আমার দোলের আনন্দ, শব-ই-বরাতের
এবাদত, ঈদ-আনন্দ, আমার জীবনমন্দিরে পূজার
দেববিগ্রহ তুমিই! তুমিই মা আমার সকল জ্ঞানের
আধার। কাছে নেই তুমি আলোহীন দিন যায় চলে
যায়। অনেকদিন দেখিনি তোমায়! তুমি ছাড়া আঁধার
রাত্রি; থাকে না আলোর প্রতিভাস!
যখন তোমাকে কাছে পেতে ইচ্ছা করে
তখন দাঁড়িয়ে আকাশ দেখি যদি হঠাৎ দেখতে
পাই তোমাকে ঐ শশাঙ্ক-তারকার ভীড়ে। যখন
প্রকৃতিতে ছড়িয়ে যায় পঞ্চদশী চাঁদের মায়া তখন
মা, তোমার স্পর্শ-প্লাবিত আমাকে পৌঁছে দেয়
শৈশব-কৈশোর-তারুণ্যে; আমি তোমার সুবাস
ধারণে বেঁচে উঠি, বেঁচে উঠি জীবনসাগর তীরে।
মা, তুমিই জীবনের পুরোটা আকাশ। তুমিই
ভালোবাসার ফেনিল সাগরের বহমানতা; আমার
জীবনশিখার উজ্জ্বল বাতিঘর! তুমি নেই এখন
আমি আশ্রয়শূন্য পথের পথিক! চারপাশ ঘিরে
আছে সমুদ্র থেকে উত্থিত অগ্নিশিখা!
অনেক অনেকদিন না দেখে তোমাকে কিছু কিছু
সময় মা, তোমাকে খুব দেখতে ইচ্ছে করে কিন’
পায় না নয়ন, পায় না জীবন।
তুমিই যে মা আমার জীবনজুড়ে সুরভীত পুষ্পমায়া!
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
