প্রিয় কবিতা // আফরোজা অদিতি

তুমি
তুমিই আমার প্রথম প্রেম
প্রথম ভালোবাসা
আমার শব্দচয়ন বাংলাভাষা

বিশ্বায়নের পাথর বুকে
উজ্জ্বল বাতাস তুমি
মজে যাওয়া খালে-বিলে
স্রোতস্বিনীর নিবিড় সুগন্ধ
বুকের ভেতর হরিৎ বসন্ত
তুমি আমার

তুমি,
তুমিই এই মধ্যবিত্ত মনের
কঠিন দুয়ারে একগুচ্ছ ইন্টারনেট
শুভেচ্ছা

চারদিকে বিপুল ঋতুচক্রের ক্রুদ্ধশ্বাস
দারুণ ক্ষয়ক্ষতি জীবননাশ
ফসলহীন মাঠ; সবুজহীন অরণ্য
হাহাকার বিশৃঙ্খলা;এতকিছুর মাঝে
তুমি,
তুমিই একটুকরা আশার বাতিঘর!

বাংলা-বাঙালির অমর সেতুবন্ধ
প্রিয় মঞ্জুমঞ্জির মুখের ভাষা
লেখার গাঁথুনি তুমি,
তুমি রক্তরঞ্জিত হেমাঙ্গিপ্রেম
আমার প্রিয় বাংলাভাষার প্রিয় অক্ষর!

তুমিই আমার
অকপট অকৃত্রিম আমার প্রিয় একুশে।

#afrozaaditi.com, #আফরোজা অদিতি

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615