পরাজিত জীবনের কাছ থেকে সবসময়
হারিয়ে যায় প্রেম, হারিয়ে যায় প্রেমজ কুসুম।
হারিয়ে যায় পাখির কৃষ্ণ পালক, নদীজলের
নিবিড় কথন।
দিন বদলের সঙ্গে ভোরের লালিমা,রোদের চিকণ
শোভা, বিকেলের বর্ণালি রঙ মিশে যায় সাগরে।
সৃষ্টি করে এক শালিকের কোমল কষ্টের বুদবুদ।
চোখের তীর ঘেঁষে পড়ে থাকে ভেজা ঝিনুক
মুক্তাবিহীন।
বুকের ভেতর লোনামেঘে ভাসে অনেকদিন আগের
কুমড়ো ফুলের বড়া আর ধোঁয়া ওঠা গরম ভাতে
ধনেপাতার চাটনি। বৈশেখি ঝড়ে দুরন্ত হাওয়ায়
মায়ের বকুনি, বাবার ভালোবাসা…।
জীবনের কাছে পরাজিত প্রতিদিন হেঁটে চলা
দিগন্তের দিকে। ভেজাপল্লবের আড়ালে থাকে
না পাওয়ার বেদনা, যাযাবর জীবন হয় অনিকেত,
গ্রীষ্মের মাঠ ফসলবিহীন ছিঁড়ে ফেলে রোজরোজ
কামিনী শেফালি
মিঠে জলের সুখের মৎস্য হারিয়ে প্রতিদিন চলে তার
মাঝসমুদ্রে লবণজলের ভ্রমন।
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
