কথা নেই // আফরোজা অদিতি

কথা নেই, আমার সঙ্গে কথা বলতে এলেই
কথা শেষ হয়ে যায় তোমার! আমার কথা
শেষ তো হয় না কখনও, কোনোসময়!

জানি আমি
কখনও কোনো মানুষের অমর্যাদা করো না,
করতে চাও না কিন্তু আমি বুঝি জানি
তোমার মধ্যে বাসা বেঁধে আছে চিরাচরিত
এক পুরুষ যে কখনও ট্র্যাডিশনের বাইরে
গিয়ে করতে পারে না কিছুই! হয়তো বা ভুল
আমারই, তুমি যেতে পারো কিন’ যেতে চাও না!

অথচ দেখ এই আমি
ভালোবাসার জন্য কাঙাল হয়ে আছি! তোমাকে
না পেয়ে একটুতেই চোখে জল আসে; সারারাত
নয়নসাগরে ডুবে থাকি! তুমি হয়তো জানো না
চোখের জলস্রোতে দূরত্ব বেড়ে যায় নদীর মতো!

আমার মনকষাকষি, ঝগড়াঝাঁটিতে সম্পর্কের ঊনিশ-বিশ
হয় না কখনও; যেমন হয় নয়নজলস্রোতে! জানো এই
জলস্রোতের শুধু একটিই কূল- যেখানে ফেরা যায় না
কখনও! এখানে শুধু থাকে ডুবে থাকা আর ভেসে চলা!

মাঝেমধ্যে ইচ্ছা করে এইভাবে ভেসে চলা
আর নয়, ভালো লাগছে না আর কিন’ জীবন থেমে
থাকে না কারণ জীবন থামতে জানে না!

জীবন যেমন থামতে জানে না তেমন কোথা থেকে
এসেছে তাও তো জানে না, জানে না যাবেই বা
কোথায়! তাই তো কখনও কখনও ইচ্ছা করে
চুম্বনে মুছে নেই কর্মক্লান্ত কপালের স্বেদবিন্দু, ধূলো
হয়ে বিছিয়ে দেই এ জীবন তোমার পায়ের তলায়;
ছুঁয়ে যাই তোমাকে বাতাস হয়ে; কখনও বা মনে হয়
পবিত্র মাটি ছেনেছুনে বানিয়ে ফেলি মনবিগ্রহ!
কিন্তু হয় না তা!

কিছুই হয় না আমার, কিছুই হয় না! কিছুই না!

#afrozaaditi.com , #আফরোজা অদিতি

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615