প্যারালেল ওয়ার্ল্ড// আফরোজা অদিতি

ডোরবেলের আওয়াজ
দরোজা খুলতে দেখি কেউ নেই!
এমনি হচ্ছে আজকাল!

এই বাড়িটি
যেখানে থাকি সেখানে আমাদের
পাশাপাশি বাস করে ছায়া-পরিবার!
প্যারালেল ওয়ার্ল্ডের বাসিন্দা তাঁরা!

ছায়া-পরিবারের ডোরবেলের আওয়াজ
শুনতে পাই কখনও, কখনও পাই না!
কখনও বা মনে হয় কেউ আমাকে
‘মা’ বলে ডাকছে; কখনও বা
‘অদিতি’ বলে! কখনও উত্তর দেই;
কখনও দেই না। জবাব দিলে আর
কোন কথা শুনতে পাই না!

মাঝেমধ্যে একটি ছায়া দ্রুত সরে যায়
চোখের আড়ালে! ঝুপঝুপ জলের
আওয়াজ! কখনও ঘাড়ে-কপালে
পাই শীতল স্পর্শ!

কখনও খাবার টেবিলে
ঢাকা দেওয়া খাবার থাকে না! কখনও
থালা থেকে এক টুকরা লেবু বা মাছ
কিংবা মাংস হঠাৎ উধাও! কখনও বা
থালার পাশ থেকে রুটি নেই!

ইদানিং ওদের কারুকীর্তি
কিছু দেখছি না, শুনছিও না; তবে
ডোরবেলের আওয়াজ পাই আর
দেখতে পাই ছায়াশরীর!

প্যারালেল ওয়ার্ল্ডে কি সংক্রমণ হয়েছে
কোভিড-১৯ কিংবা ব্ল্যাক- হোয়াইট
বা ইয়োলো ফাঙ্গাস!

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615