রাধার নিমন্ত্রণ//আফরোজা অদিতি

বিরহী পথিক ভালো আছো তো। বুকের ভেতর এক অনিঃশেষ আবেগ
ছলকে ওঠা ভালোবাসায় খলবলানো জলের কানাকানি
বন্ধ হয়েছে কী আজকাল। মনঝুলনে রাধা কী ঝুলছে না
তোমার সঙ্গে ! আষাঢ়ের মেঘ কেন জমেছে ওই মুখে
অন্ধকার করেছো নিজেকে !

হৃদবাগানে গোলাপ ফোটেনি বুঝি, ফোটেনি কী পলাশ?
ফুলে কী আজ গন্ধ নেই প্রিয় পথিক, সেখানে কী খেলছে
শুধুই কীট! তুমি বুঝি ভালো নেই বিরহী সন্ত। জমিন জুড়ে শুধু
উড়ো ধুলো, হাওয়ায় দূষণ, জলে নেই স্বচ্ছতা সেই আগের মতো।

বন্ধু, চিকন জোছনায় হোলির রঙে প্রতীক্ষায় তোমার রাধা, এসো।
মনের অন্ধকার দূর করে এসো, কাছে এসো। বিষণ্নতার গাঁটবন্ধন
তোমার জন্য নয় ! তুমি তো নও উদ্বায়ী শিশির। তুমি সুখী সন্ত।
নরম সূর্যকিরণ তোমার জন্য অপেক্ষায়, আলোয় আলোয় চারদিক।

হৃষিকেষ, বৈষ্ণবীর সখা বৈষ্ণব, রাধার ভালোবাসার কৃষ্ণ-বাউল
তোমার পায়ের তলার সবুজ তৃণ আজ রাধা। ভালোবেসে রাখো শ্যাম
সেখানে তোমার পা, তোমার প্রেমে সেই সবুজ হবে আরও সবুজ।

প্রিয় হৃদয়, কেন ভালোবাসো আমাকে ? কেন আমার জন্য উপচে পড়ে
এতো ভালোবাসা। ভালোবেসে পাও কষ্ট ? তোমাকে তো কষ্টের আগুনে
পোড়াতে চাই না। তোমার ভালোবাসার অপমান ! কস্মিনকালেও নয় !
তুমি তো আলোর আধার আমার।

ঘোর পাতকি কী তোমার রাধা, ভ্রষ্ট নগর চাবিতে খুলে দেবে নগর তোরণ
সঙ্গী করবে সব পেত্নি- শাকচুন্নী ! কথা বলছো না যে। ঘুমিয়ে পড়েছো !
ঘুমাতে পারবে না আজ, চোখ খোল। আজ চারদিকে শুধুই রঙ। রঙের ছড়াছড়ি।
চেয়ে দেখো এই পৃথিবীর তাবত সৌন্দর্যে রঙিন রাধা অপেক্ষায় তোমার।
প্রকৃতির সুর কন্ঠে তার, শুভ্রতার প্রতীক সে, অপেক্ষায় সে তোমার জন্য
শুধুই তোমার জন্য।

আবার কী হলো শিবশঙ্কর ? অবিশ্বাস কেন কন্ঠে তোমার ! কেন অবিশ্বাস ?
রাধার মন তো যায়নি ভেসে অন্য কোন গাঙে, নোঙর পড়েনি অন্য বন্দরে !
নগর ভ্রমনের পাসপোর্ট-ভিসা পায়নি অন্য কোন ট্যুরিস্ট।
তবে কেন তুমি আনমনা ।

ঘুমিয়ো না, আঁখি খোলো, মুখ তোলো। বসন্ত কোকিল আজ রাধা তোমার হৃদ-বাগানে
শোনাবে গান, দেবে কল্লোলিত সাগরের মুখর উর্মিমালা। ভালোবাসার হাত
রাখো হাতে। রাাধা আজ পঞ্চশরে তোমারই চিত্রাঙ্গদা।

#আফরোজাঅদিতি #afrozaaditi

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615