স্বাতী নক্ষত্র // আফরোজা অদিতি

স্বাতী নক্ষত্রের মতো নিবিড় উজ্জ্বল স্বপ্নহীন ঘুমের
মতো তুমি এসো। এসো দুটি চোখের পাতায়
অবিচ্ছিন্ন ক্লান্তিহীন। সখা তুমি, প্রিয় তুমি
তুমি আমার নিলীন বেদনার নিশাত্যয়!
তুমি এসেছ তাই সোনার প্রদীপে আছে আলো
স্নেহময়ী আজ রজনী! গোলাপে কীট থাকে, থাকে
কাঁটা তবুও সতেজ তার পাপড়ি! এই বাতাসও
আজ প্রফুল্ল শুধু তোমার জন্য!

আকাশের চোখ থেকে ঝরে অশ্রু তাই
বীর্যবতী মাটি ফলায় ফসল। নবান্নের উৎসব চলে
জীবনের অলিন্দে অলিন্দে! এই জীবনচাতালে সব
আছে তবুও একদিন উড়ে যাবে পাখি তার তীক্ষ্ণ
চঞ্চুতে নিয়ে মলুয়া বাতাস! তুমি তো জানো
অবহেলায় কোনো জীবন থাকে না সবুজ!

তুমি এসো।
আনন্দ সুধায় পূর্ণ করে জীবন তুমি এসো।
মহুয়া ফুলের সৌরভ নিয়ে এসো, এসো বাতাসে
ছড়িয়ে স্বাতীনক্ষত্রের আলো; এসো, তুমি এসো।

তোমার দফতর খালি হবে হোক না! কাগজ বিছানো
টেবিল তোমার শূন্য হবে হোক না! তোমাকে ডেকে
ডেকে চলে যাবে সবাই যাক না! তবুও তুমি এসো!

হাওয়ায় ভাসা লেবুপাতার গন্ধে মলিন দিবস
উজ্জ্বল করে তুমি এসো। এসো বৈচিত্রময়ী
তুমি এসো।

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615