রঙিন সূর্যাস্তের মতো চলে গেছ তুমি
জীবন দেয়ালের ওপাশে, তখন যুদ্ধ ছিল-
মুক্তিযুদ্ধ; স্বাধীনতার উন্মাতাল সংগ্রাম ছিল
তখন। চলে গেলে দেশের কাজে তুমি।
তুমি চলে গেলে
পেছনে রয়ে গেল মা-বাবা, স্বজন-পরিজন
আর তোমার প্রিয় ভালোবাসা। তোমার হাতে
অস্ত্র, নির্ভিক তুমি! দলনেতা হয়েছিলে সাহসী
তুমি। তারপর অনেকগুলো দিন অপেক্ষাতে…
দীর্ঘ সময় একাকী
পার করে নিবিড় নিঃসঙ্গতার ভাঁড়ে রেখে
চোলাইজীবন বাস্তবতাকে অস্বীকার করে
উদ্দিষ্ট সাধনায় ছিলাম নিমগ্ন …
এখন আর আগের মতো সবকিছু ভালো লাগে না,
বিশ্বাসযোগ্য মনে হয় না! পৃথিবীর এই আবাস,
ক্ষণিকের মোহময়জীবন, জীবনের সাধন-ভজন-
সবকিছুই মিথ্যে মনে হয়; মনে হয় ভুল ঠিকানায়
দিনদিন ক্ষয়ে যাচ্ছে আমার সময় শুধু।
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
